জ্বালানি তেলের দাম কমে আসা এবং আন্তর্জাতিক উড়ান পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্ধ থাকা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করছে এয়ার ইন্ডিয়া। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এসব ফ্লাইট চালু হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির উচ্চমূল্য, পাকিস্তানের আকাশসীমা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত কয়েক মাসে আন্তর্জাতিক ফ্লাইট কমাতে বাধ্য হয় এয়ারলাইনটি। শুধু মে মাসেই প্রায় ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় শীতকালীন সূচিতে মিলান, ফ্রাঙ্কফুর্ট, জুরিখ, ভিয়েনা, মেলবোর্ন, টোকিও ও নিউইয়র্কসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তবে বন্ধ থাকা সব ফ্লাইট কবে পুরোপুরি চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত সূচি প্রকাশ করেনি এয়ার ইন্ডিয়া। যাত্রী চাহিদা, জ্বালানির দাম ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট সংখ্যা নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন