ব্রাজিলের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ের (Embraer) তাদের জনপ্রিয় হালকা বিজনেস জেট ফেনম ৩০০-এর উন্নত সংস্করণ ফেনম ৩০০ইভি (Phenom 300EV) উন্মোচন করেছে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, উন্নত কর্মক্ষমতা এবং আধুনিক কেবিন সুবিধা। অটোল্যান্ড (Autoland) প্রযুক্তি যুক্ত হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে বড় হালকা বিজনেস জেট, যা পাইলট অক্ষম হয়ে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে নিরাপদে অবতরণ করতে সক্ষম।
সম্প্রতি এমব্রায়ের এক ঘোষণায় জানায়, চলতি বছর এটি তাদের তৃতীয় নতুন বিমান সংস্করণ। এর আগে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি প্রেটর ৫০০ই এবং প্রেটর ৬০০ই উন্মোচন করেছিল, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ), ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) এবং ব্রাজিলের এএনএসি-এর অনুমোদন পেয়েছে।
এমব্রায়ের জানিয়েছে, ফেনম ৩০০ইভির উড়ান পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রয়োজনীয় আন্তর্জাতিক সনদ পাওয়ার আশা করছে প্রতিষ্ঠানটি। প্রথম উড়োজাহাজ ২০২৮ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে। নতুন এ বিজনেস জেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার।
ফেনম ৩০০ইভির সবচেয়ে বড় আকর্ষণ হলো গারমিন অটোল্যান্ড প্রযুক্তি। জরুরি পরিস্থিতিতে পাইলট অক্ষম হয়ে পড়লে বিমানটি নিজে থেকেই উপযুক্ত বিমানবন্দর নির্বাচন করে নিরাপদে অবতরণ করতে পারবে।
এছাড়া প্রথমবারের মতো এতে যুক্ত হয়েছে অটোব্রেক, রাডার-বাই-ওয়্যার (Rudder-by-Wire) ব্যবস্থা এবং এমব্রায়ের তৈরি মাল্টিপারপাস ইলেকট্রনিক কন্ট্রোলার (MEC)। হালকা বিজনেস জেট শ্রেণিতে এসব প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে।
নতুন মডেলে গারমিন জি৩০০০ প্রডিজি টাচ অ্যাভিওনিক্স সিস্টেম আরও উন্নত করা হয়েছে। এতে যুক্ত হয়েছে SurfaceWatch, Synthetic Vision Guidance System, FANS 1/A+, RNP AR 0.3 এবং Inertial Reference System।
কর্মক্ষমতার দিক থেকেও উল্লেখযোগ্য উন্নয়ন আনা হয়েছে। বিমানটির সর্বোচ্চ উড়ান পরিসর ৪৫ নটিক্যাল মাইল বাড়িয়ে ২ হাজার ৫৫ নটিক্যাল মাইল করা হয়েছে। একই সঙ্গে বহনক্ষমতা ৪৩০ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬৬ পাউন্ডে উন্নীত হয়েছে। এছাড়া লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং এলইডি ট্যাক্সি ও ল্যান্ডিং লাইটও যুক্ত করা হয়েছে।
কেবিনেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। দুর্গন্ধ কমাতে নতুন ভ্যাকুয়াম টয়লেট, নতুন নকশার গ্যালি, উচ্চক্ষমতার বিদ্যুৎ সংযোগ, কফি বা এসপ্রেসো মেশিন স্থাপনের সুবিধা এবং উন্নত এয়ার সার্কুলেশন সিস্টেম যুক্ত করা হয়েছে।
এছাড়া কারখানায় স্থাপিত বিকল্প সুবিধা হিসেবে Gogo Galileo স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে, যা OneWeb-এর লো-আর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করবে। পরবর্তীতে স্টারলিংক সংযোগও যুক্ত করার সুযোগ থাকবে।
এমব্রায়ের এক্সিকিউটিভ জেটসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল আমালফিতানো বলেন, এক দশকেরও বেশি সময় ধরে ফেনম ৩০০ সিরিজ হালকা বিজনেস জেটের মানদণ্ড নির্ধারণ করে আসছে। নতুন ফেনম ৩০০ইভি উন্নত নিরাপত্তা, অধিক কর্মক্ষমতা এবং আরও আরামদায়ক কেবিন সুবিধার মাধ্যমে সেই মানদণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নেবে।
তিনি জানান, শিগগিরই নতুন উড়োজাহাজটির বৈশ্বিক প্রদর্শনী সফর শুরু হবে। তবে চলতি বছরের অক্টোবরে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য এনবিএএ-বিএসিই (NBAA-BACE) প্রদর্শনীতে এটি অংশ নেবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্তব্য করুন