এভিয়েশন বার্তা ডেস্ক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মহিউদ্দিন আহমেদ। বর্তমানে তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির গ্রাহক সেবা বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিমানে দীর্ঘ কর্মজীবনে মহিউদ্দিন আহমেদ বিপণন, কার্গো, প্রশিক্ষণ, গ্রাহক সেবা, প্রকাশনা ও প্রকিউরমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনের শুরুতে তিনি মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের কার্গো সেলস শাখায় ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে একই বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার হিসেবে কাজ করেন।
২০১৭ সালে তিনি ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। এরপর কার্গো এক্সপোর্ট বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি কাস্টমার সার্ভিস, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস এবং প্রকিউরমেন্ট বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে কাস্টমার সার্ভিস বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরবর্তীতে একই বিভাগের মহাব্যবস্থাপক হন।
বিমানের অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মহিউদ্দিন আহমেদ নতুন অতিরিক্ত দায়িত্বে এয়ারলাইন্সটির জনসংযোগ কার্যক্রম, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইনস
মন্তব্য করুন