এভিয়েশন বার্তা ডেস্ক
যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গ্রাউন্ডেড হয়েছে। নির্ধারিত সময়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে না পারায় ১২৭ জন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাসের তথ্য অনুযায়ী, বিজি-৩৭২ ফ্লাইটটির রোববার বিকাল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের বোর্ডিংয়ের সময় নির্ধারিত ছিল বিকাল ৩টা।
তবে উড্ডয়নের আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে।
আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক মহিউদ্দিন খান জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি কাঠমান্ডুতে গ্রাউন্ডেড হয়েছে। যাত্রীদের দেশে ফেরাতে বিকল্প উড়োজাহাজ পাঠানোর চেষ্টা চলছে।
তিনি জানান, রাত ১০টায় বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুর উদ্দেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। ওই উড়োজাহাজে করে আটকে পড়া ১২৭ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে আনা হবে।
এদিকে গ্রাউন্ডেড উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কার্যক্রমও চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
মন্তব্য করুন