
এভিয়েশন বার্তা ডেস্ক
অল সেন্টস ডে এবং অল সোলস ডে (undas) উপলক্ষে ফিলিপাইনের পাঙ্গাসিনের লিঙ্গায়েন বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিলিপাইন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি - CAAP)। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়ের ঠিক পাশেই অবস্থিত লিঙ্গায়েন পাবলিক সিমেট্রি (কবরস্থান)। প্রতিবছর 'undas'-এর সময় সেখানে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে এবং অতীতে অনেকে শর্টকাট বা যাতায়াতের পথ হিসেবে বিমানবন্দর রানওয়ে ব্যবহার করতেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
জারিকৃত নোটাম (Notice to Airmen - NOTAM) অনুযায়ী, এই সাময়িক বন্ধের নির্দেশনাটি ৩১ অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০ টা থেকে ১ নভেম্বর, ২০২৬ বিকেল ৪:০০ টা পর্যন্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে সিএএপির মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রাউল ডেল রোজারিও বলেন, “undas চলাকালীন সময়ে কবরস্থানে আগত সাধারণ মানুষের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে এই সাময়িক বন্ধের সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি। জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই পদক্ষেপে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সিএএপির পক্ষে আরও পরিষ্কার করা হয়েছে যে, লিঙ্গায়েন বিমানবন্দরটি মূলত জেনারেল এভিয়েশন এবং ফ্লাইং স্কুলের প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়; এখানে কোনো নিয়মিত কমার্শিয়াল বা বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয় না।
নির্ধারিত এই সময়ে বিমানবন্দরের নিষিদ্ধ বা রেস্ট্রিক্টেড এলাকায় প্রবেশ থেকে বিরত থাকতে এবং সংশ্লিষ্ট সব নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলতে সর্বসাধারণের প্রতি কড়া নির্দেশনা জারি করেছে সিএএপি।
সূত্র: সিভিল এভিয়েশন অথরিটি অব ফিলিফাইন