
এভিয়েশন বার্তা ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪৮০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য শুল্ক-করসহ প্রায় ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১২ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী মো. শরিফ (পাসপোর্ট নম্বর: এ০১০০৯৬৪০) কোনো ধরনের শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করছিলেন।
এ সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বর্ণ বহনের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। পরবর্তীতে সন্দেহজনক আচরণের কারণে বিমানবন্দরে দায়িত্বরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে নিয়ে তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণালংকার চোরাচালানের দায়ে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন ও প্রচলিত বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রাম