
এভিয়েশন বার্তা ডেস্ক
পবিত্র মক্কায় বর্তমানে ওমরাহ পালনের জন্য অত্যন্ত অনুকূল ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। আবহাওয়া এবং সার্বিক ব্যবস্থাপনা বিবেচনায় এই সময়টি ওমরাহ পালনের জন্য অন্যতম সেরা সময়। স্থানীয় প্রশাসন ও হারামাইন কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশ-বিদেশ থেকে আগত লাখ লাখ মুসল্লি কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত ভাবগাম্ভীর্য ও স্বস্তির সঙ্গে ইবাদত-বন্দেগি সম্পন্ন করছেন।
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে মক্কার পরিস্থিতি নিয়ে ভারী বৃষ্টিপাত বা বন্যার মতো অতিরঞ্জিত সংবাদ প্রকাশ পাওয়ায় সাধারণ মুসল্লিদের মাঝে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল। তবে পবিত্র মক্কা নগরীতে অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লি ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, এসব তথ্যের বেশিরভাগই অতিরঞ্জিত ও বাস্তবতাবিবর্জিত।
সরেজমিনে দেখা গেছে, স্বাভাবিক মৌসুমি বৃষ্টির পর আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কারণে খুব দ্রুততম সময়ের মধ্যেই পানি নিষ্কাশন হয়ে গেছে। কাবা চত্বর (মাতাফ) এবং মসজিদ আল-হারামের প্রতিটি ফ্লোরে স্বাভাবিক নিয়মে তাওয়াফ ও সাঈ চলছে। মুসল্লিদের যাতায়াত, হোটেল ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা জলাবদ্ধতার প্রভাব ওমরাহর কার্যক্রমে পড়েনি।
মক্কায় অবস্থানরত প্রত্যক্ষদর্শীদের মতে, এই মৌসুমে এখানকার আবহাওয়া তুলনামূলক সহনশীল ও আরামদায়ক হওয়ায় ইবাদত করার ক্ষেত্রে বাড়তি স্বস্তি মিলছে। তাই বিভ্রান্তিকর খবরে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের নির্ভয়ে পবিত্র নগরীতে আসার আহ্বান জানানো হয়েছে। ওমরাহ যাত্রীদের যাবতীয় সেবা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ সার্বক্ষণিক সর্বোচ্চ তৎপর রয়েছে।
সূত্র: প্রত্যক্ষদর্শী সূত্র