
এভিয়েশন বার্তা ডেস্ক
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দম্মামে অবস্থিত বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে এবং আকাশপথে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (গাকা) আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা নিশ্চিতের পর কার্যক্রম সচল
গাকা জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিমানবন্দর ও আকাশপথের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণ করা হয়েছে। যাত্রী, ক্রু এবং অবকাঠামোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই ফ্লাইট কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের বেসামরিক বিমান চলাচল নেটওয়ার্কের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তৎপর রয়েছে।
কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে স্ব-স্ব এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও আপডেট জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।
উৎস: গাকা (সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)