
এভিয়েশন বার্তা ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেটে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে ব্রিটিশ এয়ারলাইনস ভার্জিন আটলান্টিক। নতুন এ রুটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করছে সংস্থাটি। এর মাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ও ফুকেটের মধ্যে প্রথম বিরতিহীন বিমান যোগাযোগ স্থাপিত হলো।
রোববার (১৮ অক্টোবর) নতুন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ভার্জিন আটলান্টিক। সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক এভিয়েশনবিষয়ক সংবাদমাধ্যম অ্যারোটাইম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক বছর আগে নতুন রুটটি চালুর পরিকল্পনা ঘোষণা করেছিল এয়ারলাইনসটি। ইউরোপের শীতকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের শেষ পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
এভিয়েশন তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের (Cirium) ফ্লাইট সূচি অনুযায়ী, লন্ডন হিথ্রো থেকে ফুকেট রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে ভার্জিন আটলান্টিক।
নির্ধারিত সূচি অনুযায়ী, VS214 নম্বর ফ্লাইটটি লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৯টা ৫৫ মিনিটে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এ যাত্রায় সময় লাগবে ১২ ঘণ্টা ১০ মিনিট।
অন্যদিকে ফিরতি VS215 নম্বর ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ছেড়ে একই দিন লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি যাত্রার নির্ধারিত সময় ১৩ ঘণ্টা ৪০ মিনিট।
ফুকেটে অবতরণের পর ফিরতি ফ্লাইট পরিচালনার আগে উড়োজাহাজটি প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট অবস্থান করবে।
নতুন রুটে ব্যবহৃত ভার্জিন আটলান্টিকের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে মোট ২৫৮ জন যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে।
উড়োজাহাজটিতে ৩১টি আপার ক্লাস, ৩৫টি প্রিমিয়াম এবং ১৯২টি ইকোনমি আসন রয়েছে। আপার ক্লাসের আসনগুলো সম্পূর্ণ সমতল বিছানায় রূপান্তর করা যায় এবং সেগুলো ১-১-১ বিন্যাসে সাজানো।
প্রিমিয়াম কেবিনের আসনগুলো ২-৩-২ এবং ইকোনমি কেবিনের আসনগুলো ৩-৩-৩ বিন্যাসে রয়েছে। ইকোনমি শ্রেণির ১৯২টি আসনের মধ্যে ৩৬টি ‘ইকোনমি ডিলাইট’, যেখানে যাত্রীদের জন্য অতিরিক্ত পা রাখার জায়গা রয়েছে।
যাত্রীদের প্রিমিয়াম ভ্রমণসেবার চাহিদা বিবেচনায় বোয়িং ৭৮৭ বহরের কেবিন বিন্যাস পরিবর্তনের পরিকল্পনাও নিয়েছে ভার্জিন আটলান্টিক।
পরিকল্পনা অনুযায়ী, নতুন বিন্যাসে আপার ক্লাসের আসনসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৪৪টি এবং প্রিমিয়াম আসন ৩৫ থেকে বাড়িয়ে ৫৬টি করা হবে। অন্যদিকে ইকোনমি আসনসংখ্যা কমিয়ে ১২৭টি করা হবে।
এর মাধ্যমে উড়োজাহাজে উচ্চমূল্যের প্রিমিয়াম আসনের অনুপাত বাড়ানোর পরিকল্পনা রয়েছে এয়ারলাইনসটির।
থাইল্যান্ডের ফুকেট ইউরোপীয় পর্যটকদের কাছে শীতকালীন ছুটি কাটানোর অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে ইউরোপে শীতের সময় উষ্ণ আবহাওয়া ও সমুদ্রসৈকতভিত্তিক পর্যটনের কারণে ফুকেটে ভ্রমণের চাহিদা বেড়ে যায়।
এ বাজারে ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন শহর থেকে একাধিক এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে।
টিইউআই (TUI) যুক্তরাজ্যের লন্ডন গ্যাটউইক ও ম্যানচেস্টারসহ ইউরোপের বিভিন্ন শহর থেকে ফুকেটে ফ্লাইট পরিচালনা করে। এ ছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে কনডর এবং নরওয়ের অসলো থেকে নর্স আটলান্টিক এয়ারওয়েজ ফুকেটে যাত্রী পরিবহন করছে।
এমন প্রতিযোগিতামূলক বাজারে লন্ডন হিথ্রো থেকে সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটনকেন্দ্রিক যাত্রী পরিবহনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে ভার্জিন আটলান্টিক।
নতুন রুটটি চালু হওয়ায় লন্ডন হিথ্রো থেকে ফুকেটগামী যাত্রীরা অন্য বিমানবন্দরে ট্রানজিট ছাড়াই সরাসরি গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাজ্য ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন যোগাযোগ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র: অ্যারোটাইম