
এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিমানবন্দর পরিদর্শনে গিয়ে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি। এ সময় যাত্রীরা দ্রুত লাগেজ পাওয়া এবং ব্যাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগকে স্বাগত জানান।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় অবস্থানরত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের যাত্রা ও লাগেজ প্রাপ্তিসংক্রান্ত অভিজ্ঞতার খোঁজখবর নেন।
যাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে নতুন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। বিশেষ করে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালু করায় যাত্রীরা সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এ ধরনের যাত্রীবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আজ আপনারা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছেন।”
মন্ত্রী জানান, বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাঁরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পেয়েছেন। তবে যাত্রীরা ভবিষ্যতেও এ সেবার মান ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন।
তিনি বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান বজায় রাখা, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত স্থগিত রয়েছে। সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ অনুমোদন দিলে পুনরায় এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
তবে রিয়াদগামী যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এ লক্ষ্যে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, ব্যাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিদর্শনসংক্রান্ত তথ্য।