
এভিয়েশন বার্তা ডেস্ক
কম্বোডিয়ার কুখ্যাত সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ও ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে প্রত্যাবর্তন করছেন। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ (TG-321) ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তাঁদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আকর্ষণীয় বেতনের লোভ দেখিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের মাধ্যমে এসব প্রবাসীকে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। দেশটিতে পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক বিভিন্ন সাইবার স্ক্যামিং বা অনৈতিক অনলাইন প্রতারণা কেন্দ্রে আটকে রাখা হতো। ভুক্তভোগীরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাদের ওপর চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন।
পরবর্তীতে দেশটির সরকার নির্ধারিত প্রক্রিয়ায় দেশে ফিরে আসার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর ৩০ জনসহ মোট ৩২ বাংলাদেশি কম্বোডিয়ার রাজধানী নমপেন বিমানবন্দরে জড়ো হন। তবে ইমিগ্রেশন চেকিংয়ের সময় অবৈধ অবস্থান ও বিভিন্ন আইনি জটিলতার কারণে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করে। পরবর্তীতে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন।
আটককৃতদের দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনতে ‘অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবের কাছে পাঠানো হয়।
ঐ চিঠিতে আটক ৩০ বাংলাদেশিকে মুক্ত করতে এবং প্রয়োজনীয় নিয়মকানুন অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টার ফলেই অবশেষে তাঁদের বন্দিদশার অবসান ঘটছে এবং তাঁরা আজ নিরাপদভাবে স্বদেশে ফিরছেন।
উদ্ধার ও দেশে ফিরে আসা কর্মীরা হলেন:
মো. হারুন অর রশীদ
মো. আব্দুল ওয়াদুদ
মো. তারলিব হাসান তিতুল
সুমিত চন্দ্র দাস
রাকিব হোসেন
বাপ্পি দাস
মো. লাবন শেখ
মো. আবদুর রহমান
মো. বিল্লাল হোসেন
মো. মোস্তফা
নূর নবী
মো. ইমন আলী
মো. বারকাতুল্লাহ
মো. রুবেল মিয়া
আলী আহমেদ
জাহিদুল ইসলাম
শামসুল আলম
মো. আবদুর রহমান (দ্বিতীয়)
আবু জাহের সবুজ
শাওন
নাহিদ ঢালি
রাজু হোসেন
মো. তৈয়ব আলী শেখ
সাইমন ভূঁইয়া
মো. রাশেদুল
মো. আকাশ আহমেদ
মো. শিমুল আলী
আশিকুর রহমান
মো. আলামিন পিকে
মোহাম্মদ কবির
সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র।