
এভিয়েশন বার্তা ডেস্ক
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট স্পেশালিস্ট (Psychometric Assessment Specialist) পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। মনোবিজ্ঞানে উচ্চশিক্ষার পাশাপাশি সাইকোমেট্রিক মূল্যায়নে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এ পদে আবেদনের সুযোগ পাবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজি, ইন্ডাস্ট্রিয়াল-অর্গানাইজেশনাল সাইকোলজি কিংবা এডুকেশনাল সাইকোলজিতে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ পদে আবেদনের জন্য সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টে ৪ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ব্যক্তিত্ব ও জ্ঞানীয় দক্ষতা মূল্যায়নসংক্রান্ত পরীক্ষা পরিচালনা, স্কোর নির্ধারণ এবং ফলাফল বিশ্লেষণে দক্ষ হতে হবে।
প্রার্থীদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল বিচারবোধ এবং মূল্যায়ন কার্যক্রমে যথাযথ মানদণ্ড অনুসরণের সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির (BPS) Test User বা Occupational Psychometric Testing-সংক্রান্ত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB) মূল্যায়ন কার্যক্রমে অভিজ্ঞ ও প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন অবসরপ্রাপ্ত সামরিক পেশাজীবীরা অগ্রাধিকার পেতে পারেন।
পাশাপাশি এভিয়েশন সাইকোলজি, পাইলট বা ক্যাডেট নির্বাচন প্রক্রিয়া কিংবা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল কোনো শিল্পখাতে কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
আবেদনকারীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সাবলীলভাবে কথা বলা এবং লিখতে পারার দক্ষতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইনসের নির্ধারিত ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ, বেতন ও পদসংখ্যা উল্লেখ করা হয়নি। তাই আবেদন করার আগে প্রার্থীদের প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক নিয়োগ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।