
এভিয়েশন বার্তা ডেস্ক
যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ নভেম্বর থেকে এ রুটে সপ্তাহে তিনটির পরিবর্তে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ঢাকা থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রোববার ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। নতুন সূচিতে শুক্রবার ও শনিবার আরও দুটি ফ্লাইট যুক্ত হচ্ছে। এর ফলে সপ্তাহে পাঁচ দিন সরাসরি ঢাকা–চেন্নাই রুটে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, চেন্নাইগামী ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ফলে বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীরা উপকৃত হবেন। পাশাপাশি দক্ষিণ ভারতের ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও সমুদ্র উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণেও যাত্রীদের জন্য বাড়তি সুবিধা তৈরি হবে।
চেন্নাই বাংলাদেশের চিকিৎসাপ্রত্যাশী যাত্রীদের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। নতুন দুটি ফ্লাইট যুক্ত হওয়ায় যাত্রীদের ভ্রমণের দিন নির্বাচনে আরও বেশি সুযোগ তৈরি হবে বলে আশা করছে এয়ারলাইন্সটি।
নতুন সূচি অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২০৫ ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে চেন্নাই পৌঁছাবে দুপুর ১২টা ৫৫ মিনিটে।
অন্যদিকে ফিরতি বিএস-২০৬ ফ্লাইটটি চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৫ মিনিটে। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট দেশের স্থানীয় সময় প্রযোজ্য হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৯ সালের ৩১ মার্চ ঢাকা–চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে। এর মাধ্যমে দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনকারী প্রথম বাংলাদেশি বিমান সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইউএস-বাংলা।
রুটটি চালুর পর থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে আসছে এয়ারলাইন্সটি।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১০টি দেশের ১৪টির বেশি আন্তর্জাতিক গন্তব্যের পাশাপাশি দেশের পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে এয়ারবাস এ৩৩০, বোয়িং ৭৩৭ ও এটিআর ৭২ মডেলসহ মোট ২৫টি উড়োজাহাজ।
সূত্র: ইউএস-বাংলা এয়ারলাইন্স।