
এভিয়েশন বার্তা ডেস্ক
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের সম্ভাবনা বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।
বর্তমানে Turkish Airlines ঢাকা–ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এই রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনায় তুরস্কের আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সুযোগ আরও বাড়বে।
একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা বিবেচনায় চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান তিনি।
মন্ত্রী জানান, বাংলাদেশের ১,৪৯৮টি পর্যটন স্পট পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (PPP) আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন অবকাঠামো, ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে তুরস্কের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজীকরণ, পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
তুরস্কের প্রতিনিধিদলে দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলিউর্ট এবং Turkish Airlines Bangladesh-এর কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে উপস্থিত ছিলেন।
সূত্র: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়