
এভিয়েশন বার্তা ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের Caspian Airlines-এর একটি Boeing 737 উড়োজাহাজ জব্দ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো বকেয়া ঋণের দাবিতে আদালতের আদেশে উড়োজাহাজটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, EP-KPB নিবন্ধনের Boeing 737 উড়োজাহাজটি সোমবার ইস্তাম্বুল থেকে ইরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের বোর্ডিংও শেষ হয়েছিল। এ সময় পাওনাদার প্রতিষ্ঠানের আইনজীবী ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে জব্দের আদেশ কার্যকর করেন। পরে যাত্রী ও কেবিন ক্রুদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।
তুর্কি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমান চলাচল খাতের সেবা প্রতিষ্ঠান ACM Temsil Gözetim কাসপিয়ান এয়ারলাইন্সের কাছে প্রায় ৩০ লাখ ইউরো পাওনা দাবি করে আইনি প্রক্রিয়া শুরু করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই উড়োজাহাজটি জব্দ করা হয়।
ঘটনাটি ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক দিনের মধ্যে ঘটলেও উড়োজাহাজ জব্দের আইনি ভিত্তি ছিল বকেয়া অর্থসংক্রান্ত দাবি। ফলে মার্কিন নিষেধাজ্ঞার কারণেই উড়োজাহাজটি জব্দ হয়েছে—এমন সরাসরি তথ্য পাওয়া যায়নি।
ইরানি এয়ারলাইন্সগুলো বর্তমানে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, বিমানবন্দর সেবা ও বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনায় বাড়তি চাপের মুখে রয়েছে। তবে তুরস্ক ইরানি এয়ারলাইন্সের সব ফ্লাইট বন্ধ করেনি এবং দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।
সূত্র: EAnadolu Agency