
এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুই অভিযানে ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। দুবাই থেকে Emirates-এর EK0584 ফ্লাইটে আসা যাত্রী Roman Mikhailov গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁর ব্যাগেজ স্ক্যান করে ৭৮ দশমিক ৫০ লিটার মদ পাওয়া যায়।
বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ বিধি অনুযায়ী তাঁকে ১ লিটার শুল্কমুক্ত সুবিধা দিয়ে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
এর আগে ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে Turkish Airlines-এর TK0712 ফ্লাইটে আসা যাত্রী Samiul Islam-এর ব্যাগেজ গ্রিন চ্যানেলে স্ক্যান করে আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়।
দুই ঘটনায় অনুমোদিত পরিমাণ বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে যাত্রী প্রোফাইলিং ও নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)