
এভিয়েশন বার্তা ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা ৪০ দশমিক ৭৮ ভরি স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ২১ ক্যারেটের স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলামকে (৪৬) আটক করা হয়।
এপিবিএনের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালালে স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
এপিবিএন দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এসব স্বর্ণালংকার বাংলাদেশে আনা হয়েছিল। সংস্থাটির দাবি, এগুলো চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল এবং আটক ব্যক্তিরা বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
তবে এগুলো এপিবিএনের প্রাথমিক তদন্তের দাবি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে আনার অভিযোগে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানিয়েছেন, বিমানবন্দর এলাকায় স্বর্ণ ও মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে এপিবিএনের অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)