
দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর প্লাটিনাম স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে সই করেন।
টোয়াবের পক্ষে চুক্তিতে সই করেন সংগঠনটির পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) মো. আবুল বাসেত বাবু এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মিজানুর রহমান।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে সই করেন আইএইচজি, সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম।
বিটিটিএফের ১৪তম আসর আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। তিন দিনের এই আন্তর্জাতিক পর্যটন মেলায় দেশি-বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান, পরিবহন সংস্থাসহ পর্যটন খাতের বিভিন্ন অংশীজন অংশ নেবেন।
আয়োজকদের প্রত্যাশা, টোয়াব ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই অংশীদারত্ব দেশের ট্যুর অপারেটর ও আতিথেয়তা খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।
টোয়াব জানিয়েছে, প্লাটিনাম স্পনসর হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের অংশগ্রহণ বিটিটিএফ ২০২৬-এর আয়োজনকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন প্রচার, ব্যবসায়িক যোগাযোগ, বি-টু-বি কার্যক্রম এবং আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা সম্প্রসারণেও মেলাটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছে সংগঠনটি।