
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে। শুল্ক-করসহ জব্দ পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিআইআইডির মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজের ওপর আগে থেকেই বিশেষ নজরদারি শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা।
অভিযানে যাত্রী মো. মইনুল আবেদিনের কাছ থেকে ২৬৪ কার্টন বিদেশি সিগারেট ও চারটি আইফোন, আব্দুল মান্নানের কাছ থেকে ২৪৬ কার্টন সিগারেট ও চারটি আইফোন এবং নূরুল আলম রিয়াদের কাছ থেকে ২৭২ কার্টন সিগারেট ও পাঁচটি আইফোন জব্দ করা হয়।
সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টন প্লাটিনাম ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে একটি ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন সিগারেট জব্দ করা হয়।
কাস্টমসের হিসাবে, জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
অন্যদিকে, জব্দ ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী এসব ফোনের প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।
একই ফ্লাইটের একাধিক যাত্রীর পাশাপাশি মালিকানাবিহীন ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বিমানবন্দর দিয়ে অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সিআইআইডি।