
সিঙ্গাপুর থেকে নিউইয়র্কগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের কিছু সময় পর যান্ত্রিক সমস্যার কারণে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। ফ্লাইটটিতে ১৩৩ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন।
সিঙ্গাপুর এয়ারলাইনসের একজন মুখপাত্র জানান, গত ১২ আগস্ট রাত ১১টা ৩৫ মিনিটে নিউইয়র্কের নিউয়ার্কের উদ্দেশে SQ22 ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। উড্ডয়নের পর উড়োজাহাজটিতে একটি কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সেটিকে সিঙ্গাপুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এয়ারবাস A350-900 আল্ট্রা লং রেঞ্জ উড়োজাহাজটি ১৩ আগস্ট রাত ৩টা ৬ মিনিটে চাঙ্গি বিমানবন্দরে ফিরে আসে। তবে ঠিক কী ধরনের কারিগরি সমস্যা দেখা দিয়েছিল, তা জানায়নি এয়ারলাইনটি।
অবতরণের পর মেরামতের জন্য উড়োজাহাজটিকে টেনে বিমানবন্দরের একটি রিমোট পার্কিং বে-তে নেওয়া হয়। পরে ১৩৩ যাত্রী ও ১৭ ক্রুকে উড়োজাহাজ থেকে নামিয়ে বাসে করে টার্মিনালে নেওয়া হয়।
যাত্রীদের নিউইয়র্কে পৌঁছে দিতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে সিঙ্গাপুর এয়ারলাইনস। অপেক্ষার সময় যাত্রীদের খাবারের ভাউচারও দেওয়া হয়।
এয়ারলাইনটি জানায়, মূল ফ্লাইটের ক্রুরা আবার যাত্রা করলে তাদের নির্ধারিত সর্বোচ্চ কর্মঘণ্টার সীমা অতিক্রম হয়ে যেত। এ কারণে বিকল্প উড়োজাহাজের পাশাপাশি নতুন ক্রুরও ব্যবস্থা করা হয়।
সিঙ্গাপুর-নিউইয়র্ক SQ22 বিশ্বের দীর্ঘতম সরাসরি বাণিজ্যিক ফ্লাইটগুলোর একটি। প্রায় ১৬ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ এই রুটে সাধারণত ১৮ ঘণ্টারও বেশি সময় লাগে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস