
ঢাকা–রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। গত ৭ আগস্ট থেকে এ রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। রিয়াদ এয়ারের কার্যক্রম শুরুর পর ঢাকা তাদের নবম আনুষ্ঠানিক গন্তব্য।
রুটটির উদ্বোধনী ফ্লাইট ৭ আগস্ট স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে ৮ আগস্ট সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা–রিয়াদ রুটে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করছে রিয়াদ এয়ার। উড়োজাহাজটিতে প্রিমিয়াম সিটিং, আধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টসহ বিভিন্ন যাত্রীসেবা রয়েছে।
আইএটিএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ–সৌদি আরব রুট মধ্যপ্রাচ্যের দেশভিত্তিক যাত্রীবাহী বাজারগুলোর মধ্যে নবম বৃহত্তম ছিল। ক্রমবর্ধমান যাত্রী চাহিদার প্রেক্ষাপটে নতুন সরাসরি ফ্লাইট দুই দেশের আকাশ যোগাযোগে আরও সক্ষমতা যোগ করবে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক, বিনিয়োগ, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। নতুন এই ফ্লাইট ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের পাশাপাশি বাংলাদেশি যাত্রীদের ওমরাহ ও হজযাত্রা আরও সহজ করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে সৌদি যাত্রীদের জন্যও বাংলাদেশে সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
রিয়াদকে কেন্দ্র করে এয়ারলাইনটির ক্রমবর্ধমান নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা জেদ্দাসহ অন্যান্য গন্তব্যে সংযোগকারী ফ্লাইট ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া রিয়াদ এয়ারের ‘স্ফিয়ার’ লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা ফ্রি ওয়াই-ফাইসহ বিভিন্ন বিশেষ সুবিধা ও রিওয়ার্ড পাবেন।