
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও দিল্লি থেকে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণালংকার, বিপুল পরিমাণ সিগারেট, গৌরি ক্রিম ও মোবাইল ফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে রোববার সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা দুবাই থেকে আসা এমিরেটসের EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করেন। তার কাছ থেকে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।
একই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।
অন্যদিকে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন আটক করা হয়।
সিআইআইডি জানিয়েছে, এদিনের অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং পাঁচটি মোবাইল ফোন আটক করা হয়েছে। এসব পণ্যের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে চলমান নজরদারির অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও ঝুঁকিপূর্ণ ফ্লাইটে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইআইডি।