
ভারতের বাজারে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে মুম্বাই থেকে সরাসরি ফ্রেইটার বা পণ্যবাহী উড়োজাহাজ সেবা চালু করেছে হংকং এয়ার কার্গো। নতুন এই সেবার মাধ্যমে ভারত থেকে হংকং এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহনের সুযোগ আরও বাড়বে।
এ কার্যক্রমে হংকং এয়ার কার্গোর ভারতীয় অংশীদার অ্যারোপ্রাইম গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি এয়ারলাইনটির কার্গো জেনারেল সেলস অ্যান্ড সার্ভিস এজেন্ট (জিএসএসএ) হিসেবে ভারতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে।
হংকং এয়ার কার্গো জানিয়েছে, মুম্বাই থেকে ফ্রেইটার সেবা চালুর ফলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য অতিরিক্ত কার্গো সক্ষমতা তৈরি হবে। একই সঙ্গে হংকং হয়ে আন্তর্জাতিক বাজারে দ্রুত ও কার্যকরভাবে পণ্য পাঠানোর সুযোগ বাড়বে।
ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র মুম্বাই আন্তর্জাতিক পণ্য পরিবহনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ফলে নতুন সেবাটি ভারত ও হংকংয়ের মধ্যে কার্গো সংযোগ শক্তিশালী করার পাশাপাশি এয়ারলাইনটির আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হংকং এয়ার কার্গো বলছে, মুম্বাইয়ে কার্যক্রম সম্প্রসারণ ভারতের বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনার অংশ। ভবিষ্যতে ভারতীয় রপ্তানিকারকদের আরও উন্নত আন্তর্জাতিক সংযোগ ও পণ্য পরিবহন সুবিধা দেওয়াই তাদের লক্ষ্য।