
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ও খলনায়ক ডনকে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেফাজতে দেওয়া হয়। রোববার (৯ আগস্ট) তাকে আদালতে পাঠিয়েছে সিআইডি।
সিআইডি সূত্র জানায়, ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন ডন। তবে সালমান শাহ হত্যা মামলায় তার নাম থাকা এবং আদালতের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে বিদেশ যেতে বাধা দেয়। পরে সিআইডি তাকে হেফাজতে নেয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ডনের সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। কিন্তু তার বিরুদ্ধে মামলার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।
সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানিয়েছেন, ডনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় ডনের নাম রয়েছে। গত বছর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তী সময়ে তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা তদন্ত করেছে এবং একাধিকবার আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে।