
ভিয়েতনামে ২ সেপ্টেম্বর জাতীয় দিবস উপলক্ষে পাঁচ দিনের ছুটি সামনে রেখে বিমান ভ্রমণের চাহিদা বেড়েছে। হ্যানয় থেকে ফু কুওক, দা নাংসহ জনপ্রিয় পর্যটন গন্তব্যের ফ্লাইটে দ্রুত শেষ হচ্ছে সাশ্রয়ী শ্রেণির টিকিট। একই সঙ্গে বাড়ছে বিমান ও ট্রেনের ভাড়া।
বিশেষ করে ২৯ আগস্ট ও ২ সেপ্টেম্বরের ফ্লাইটে বুকিংয়ের চাপ সবচেয়ে বেশি। হ্যানয়–ফু কুওক রুটে কিছু ফ্লাইটের একমুখী ইকোনমি ভাড়া ৫ মিলিয়ন ভিয়েতনামি ডং পর্যন্ত উঠেছে। প্রিমিয়াম ইকোনমি প্রায় ৭ মিলিয়ন এবং বিজনেস ক্লাসের ভাড়া ৮ মিলিয়ন ডং ছাড়িয়েছে।
বাড়তি চাহিদা সামাল দিতে ভিয়েতনাম এয়ারলাইন্স গ্রুপ প্রায় ৬০ হাজার অতিরিক্ত আসন যুক্ত করেছে। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৬১০টি ফ্লাইটে ৭ লাখ ২৫ হাজারের বেশি আসন থাকবে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
রেলপথেও টিকিটের দাম স্বাভাবিক সময়ের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে আগেভাগে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।