
উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল (জেট এ-১)-এর দাম লিটারপ্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও ভ্যাটসহ নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে পরিচালিত দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্যও জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ০.১২৫২ মার্কিন ডলার কমানো হয়েছে।
মঙ্গলবার বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে পরিচালিত এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটারে ০.৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, গত ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্ল্যাটস (Platts) রেটের গড় মূল্য এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি ব্যয়, বিশেষ করে এলসি নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জুলাই মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী মঙ্গলবার গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উপস্থাপিত তথ্য-উপাত্ত পর্যালোচনার পর নতুন এ মূল্য অনুমোদন দেয় বিইআরসি।