
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। যাত্রীদের দাবি, প্রায় সাত ঘণ্টার বেশি সময় পার হলেও ফ্লাইটে থাকা প্রায় ২৬০ যাত্রী উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।
শুক্রবার ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা শনাক্ত হয় বলে যাত্রীরা জানিয়েছেন।
যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। রোমে অবতরণের পর তাদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং সেটি মেরামত করা প্রয়োজন।
স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত উড়োজাহাজটি বিমানবন্দরেই অবস্থান করছিল। কখন ত্রুটি মেরামত করে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি বলে দাবি যাত্রীদের।
ফ্লাইটটির যাত্রী শরিফুল ইসলাম জানান, দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অবস্থান করায় শিশু ও বয়স্ক যাত্রীদের অনেকে অসুস্থ ও অস্বস্তি বোধ করছেন। তার অভিযোগ, যাত্রীদের উড়োজাহাজ থেকে নেমে টার্মিনালে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না।
তিনি দ্রুত সমস্যা সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ অপেক্ষা ও অস্বস্তিকর পরিবেশের কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলেও জানান তিনি।
যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকায় ফেরার পথে জ্বালানি নেওয়ার জন্য রোমে ফ্লাইটটির পূর্বনির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজে কী ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং ফ্লাইটে ঠিক কতজন যাত্রী রয়েছেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।