
সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার ভারতের মুম্বাইয়ে সরাসরি ফ্লাইট চালু করেছে। গত ৪ আগস্ট থেকে রিয়াদ–মুম্বাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। এই রুটে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
ফ্লাইট সূচি অনুযায়ী, RX697 রিয়াদ থেকে দুপুর ২টা ৫ মিনিটে ছেড়ে মুম্বাইয়ে রাত ৮টা ৩৫ মিনিটে পৌঁছাবে। ফিরতি RX698 মুম্বাই থেকে রাত ১০টা ৫ মিনিটে ছেড়ে রিয়াদে রাত ১১টা ৫০ মিনিটে অবতরণ করবে।
প্রায় চার ঘণ্টার এই ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডন, মাদ্রিদ, কায়রো ও জেদ্দাসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সংযোগ নিতে পারবেন। যাত্রী পরিবহনের পাশাপাশি ওয়াইডবডি উড়োজাহাজের বেলি-হোল্ডে ওষুধ, ইলেকট্রনিকস ও ই-কমার্স পণ্যসহ সময়সংবেদনশীল কার্গো পরিবহনের সুযোগও থাকবে।
মুম্বাইয়ের পর এশিয়ায় নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা করেছে রিয়াদ এয়ার। আগামী ১৪ আগস্ট পাকিস্তানের ইসলামাবাদ এবং ১৮ আগস্ট লাহোরে সরাসরি ফ্লাইট চালু হবে। এরপর ৯ সেপ্টেম্বর ফিলিপাইনের ম্যানিলায় ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনটি রুটের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।
নতুন রুটগুলোর মাধ্যমে সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি ও ফিলিপিনো প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ট্রানজিট হাব হিসেবে রিয়াদের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে এয়ারলাইনটি।