প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
দুই দিনের সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি (Eng. Waleed Elkhereji)। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সংক্ষিপ্ত এই সফর শেষে তিনি শুক্রবার বিকেলে ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকগুলোতে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব অন্যতম বৃহৎ শ্রমবাজার। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও দুই দেশ নিয়মিত সহযোগিতা করে আসছে।