
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান চালিয়ে প্রায় ৭২০ গ্রাম (প্রায় ৬১ ভরি) স্বর্ণ উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই হয়ে চট্টগ্রাম আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে অভ্যন্তরীণ রুটের আরেক যাত্রী ঢাকায় পৌঁছে ডমেস্টিক টার্মিনাল দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন।
এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ আলাউদ্দিনকে শনাক্ত করে তল্লাশি চালানো হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক যাত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।