
বাংলাদেশ ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও জোরদার করতে আগামী ২৯ জুলাই থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহের সাত দিনই নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বাংলাদেশ থেকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, পর্যটন ও পারিবারিক প্রয়োজনে ভারতে যাতায়াতকারী যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, দিল্লি থেকে এআই-২৩৭ ফ্লাইটটি প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ফিরতি এআই-২৩৮ ফ্লাইটটি ঢাকার থেকে প্রতিদিন বিকেল ৩টা ১০ মিনিটে ছেড়ে ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে দিল্লিতে পৌঁছাবে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ থেকে ভারতে যাত্রী চলাচল গত কয়েক বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারত এখনও বাংলাদেশিদের অন্যতম প্রধান গন্তব্য। এছাড়া উচ্চশিক্ষা, ব্যবসায়িক সফর, পর্যটন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেও প্রতিদিন বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। এ কারণে প্রতিদিনের ফ্লাইট চালুর সিদ্ধান্ত যাত্রীদের জন্য ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
ভ্রমণসংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-দিল্লি রুটে অতিরিক্ত ফ্লাইট চালু হওয়ায় আসনসংকট কমবে এবং যাত্রীদের জন্য ভ্রমণের আরও বেশি বিকল্প তৈরি হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন যোগাযোগ আরও গতিশীল হবে।
তবে সংশ্লিষ্টদের মতে, ফ্লাইট সুবিধা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হলে বাংলাদেশ-ভারত রুটে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করছে। ভ্রমণ খাতের ব্যবসায়ীরা মনে করেন, ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হলে নতুন ফ্লাইট সুবিধার পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, এয়ার ইন্ডিয়ার প্রতিদিনের ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত ঢাকা-দিল্লি রুটে যাত্রীসেবার পরিধি বাড়াবে এবং দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।