
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহী প্রবাসী বাংলাদেশি (এনআরবি) নাগরিকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে সরকার। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনার আওতায় প্রবাসীরা হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রবাসীদের ই-হজ সিস্টেমের মাধ্যমে (www.hajj.gov.bd) অনলাইনে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাক-নিবন্ধনের সময় আবেদনকারীকে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্য প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক সদস্যের জন্য একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিবন্ধনের সময় ই-হজ সিস্টেমে আবেদনকারীকে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) হিসেবে তথ্য দিতে হবে। পাশাপাশি তিনি যে দেশে বৈধভাবে বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখের পাশাপাশি বৈধ বসবাসের প্রমাণপত্রও আপলোড করতে হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, খুব শিগগিরই হজ প্যাকেজ-২০২৭ এবং হজ গাইডলাইন-২০২৭ প্রকাশ করা হবে। এরপর প্রকাশিত প্যাকেজ থেকে পছন্দের প্যাকেজ নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী কেবল নিবন্ধিত হজযাত্রীরাই ২০২৭ সালের পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।