
এভিয়েশন বার্তা ডেস্ক
দক্ষিণ আমেরিকায় আন্তর্জাতিক রুট সম্প্রসারণের অংশ হিসেবে কলম্বিয়ার রাজধানী বোগোতা এবং ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নতুন ফ্লাইট চালু করেছে কাতার এয়ারওয়েজ। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে দুটি শহরে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের পাশাপাশি ভেনেজুয়েলায় ফ্লাইট পরিচালনাকারী উপসাগরীয় অঞ্চলের প্রথম এয়ারলাইনস হিসেবে নতুন মাইলফলক অর্জন করেছে সংস্থাটি।
নতুন রুটে সপ্তাহে দুই দিন, বুধবার ও রোববার, ফ্লাইট পরিচালনা করছে কাতার এয়ারওয়েজ। ফ্লাইটগুলোতে ব্যবহার করা হচ্ছে বোয়িং ৭৭৭-২০০এলআর উড়োজাহাজ। দোহা থেকে কলম্বিয়ার বোগোতা হয়ে ভেনেজুয়েলার কারাকাসকে সংযুক্ত করা হয়েছে এই রুটে।
নতুন দুটি গন্তব্য যুক্ত হওয়ার ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে কাতার এয়ারওয়েজের গন্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টিতে। বোগোতা ও কারাকাস যথাক্রমে এ অঞ্চলে এয়ারলাইনসটির ১৬তম ও ১৭তম গন্তব্য।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, নতুন এই বিমান যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে।
দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পরিচালিত এই রুটের যাত্রীরা কাতার এয়ারওয়েজের বিস্তৃত আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সংযোগ ফ্লাইটের সুবিধা পাবেন।
চলতি শীতকালীন ফ্লাইট সূচিতে বিশ্বের ১৭০টির বেশি গন্তব্যে সেবা দিচ্ছে কাতার এয়ারওয়েজ। নতুন দুটি গন্তব্য সংযোজনের মাধ্যমে দক্ষিণ আমেরিকায় এয়ারলাইনসটির উপস্থিতি আরও শক্তিশালী হলো।
এ ছাড়া ল্যাটাম এয়ারলাইনস কলম্বিয়ার (LATAM Airlines Colombia) সঙ্গে সম্প্রসারিত অংশীদারত্বের মাধ্যমে যাত্রীরা কলম্বিয়ার অভ্যন্তরে আরও বেশ কয়েকটি শহরে ভ্রমণের সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক যাত্রীদের জন্য দেশটির বিভিন্ন পর্যটন ও বাণিজ্যিক গন্তব্যে পৌঁছানো সহজ হবে।
কাতার এয়ারওয়েজ ২০১০ সালে ব্রাজিলের সাও পাওলোতে ফ্লাইট চালুর মাধ্যমে দক্ষিণ আমেরিকার বাজারে কার্যক্রম শুরু করে। এরপর পর্যায়ক্রমে এ অঞ্চলে নিজেদের বিমান যোগাযোগ সম্প্রসারণ করে আসছে সংস্থাটি।
বোগোতা ও কারাকাসে নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকার সঙ্গে মধ্যপ্রাচ্যের বিমান যোগাযোগ আরও সম্প্রসারিত হলো। একই সঙ্গে বৈশ্বিক ট্রানজিট হাব হিসেবে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্ব আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ টাইমস